মেহেরপুর সদর উপজেলার ভৈরব নদীর তীরে গড়ে ওঠা পাঁচটি মাদকের আড্ডাখানা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে শহরের ঘোষপাড়া থেকে নতুনপাড়া পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় দুটি আস্তানা থেকে আটক দুইজনকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। তিনি জানান, দীর্ঘদিন ধরে নদীর তীরে টং ঘর তুলে মাদকসেবীরা আড্ডা দিচ্ছিলেন। এখানে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যের সেবন ও বেচাকেনা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে অনেকেই পালিয়ে যায়। তবে ঘোষপাড়া ও নতুনপাড়ার দুটি আস্তানা থেকে দুজনকে আটক করা সম্ভব হয়।
আদালত পৌরসভার ঘোষপাড়ার রবিউল ইসলামের ছেলে রুবেল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা এবং নতুনপাড়ার মৃত মুমিনের ছেলে কামরুজ্জামানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা অর্থদণ্ড দেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাদের কারাগারে পাঠানো হয়।
ইউএনও খায়রুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সবসময় কঠোর অবস্থানে রয়েছে। ভৈরব নদীর তীরে যেন আর কোনো আস্তানা তৈরি না হতে পারে, সে বিষয়ে কঠোর নজরদারির নির্দেশ দেয়া হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: কিশোরগঞ্জে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
দেখুন: ডিসি সম্মেলন শুরু কাল, উঠছে ৩৫৬ প্রস্তাব
ইম/


