চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় শি জিনপিংকে উদ্দেশ্যে মোদি বলেন, ‘আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত’।
এ ছাড়াও রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী জানান, পারস্পরিক আস্থা, সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারত-চীন সম্পর্ককে এগিয়ে নিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
মোদি বলেন, দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ আমাদের পারস্পরিক সহযোগিতার সঙ্গে জড়িত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথও প্রশস্ত করবে।
এ সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ভারত ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রতিবেশী হিসেবে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘বিশ্ব এখন রূপান্তরের দিকে এগোচ্ছে। চীন ও ভারত বিশ্বের প্রাচীনতম সভ্য দেশগুলোর দুটি। আমরা বিশ্বের দুই সর্বাধিক জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের অংশ। তাই বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হওয়া এবং ড্রাগন ও হাতির একসঙ্গে অগ্রসর হওয়া অত্যন্ত জরুরি।
এদিকে গত বছর রাশিয়ার কাজানে হওয়ার বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী বলেন, সীমান্তে সেনা প্রত্যাহারের পর শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে।
এই বৈঠকে কৈলাশ মানসসরোবর যাত্রা পুনরায় চালু করা এবং ভারত-চীনের মধ্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে গুরুত্বারোপ করেন মোদি।
পড়ুন : সাত বছর পর চীন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


