32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৩:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

হাত না মেলানোয় ভারতকে কি শাস্তি দেবে আইসিসি

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়া। তবে এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বের হাইভোল্টেজ লড়াই শেষ হয়েছে একেবারে তিক্ত এক দৃশ্য দিয়ে।
দুবাইয়ে কাল রাতে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ছক্কা মেরে ম্যাচ শেষ করতেই ভারতীয় খেলোয়াড়েরা সোজা ঢুকে যান ড্রেসিংরুমে। পাকিস্তানের খেলোয়াড়েরা তখন অভ্যাসমতো হাত মেলানোর অপেক্ষায় দাঁড়িয়ে। কিন্তু হয়নি কোনো কথা, না কোনো চোখাচোখি, না কোনো হাত মেলানো—পাকিস্তান দলের প্রতি ভারতীয়দের আচরণ ছিল বরফের মতো শীতল।

১২৮ রান তাড়া করতে নেমে ভারত জিতেছে মাত্র ১৫.৫ ওভারে। পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, এমনকি ভারতের ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানিদের সঙ্গে দেখা করতেও বের হননি কেউ।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই পাকিস্তানের খেলোয়াড়, কোচ, সাবেক ক্রিকেটাররা শুরু করেছেন প্রবল সমালোচনা। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন বলেছেন, ‘এটা খুব হতাশাজনক।’ সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতারের অভিযোগ, ক্রিকেটে রাজনীতি টেনে এনেছেন সূর্যকুমার যাদব।
রশিদ লতিফ বলেছেন, ‘হ্যাঁ, তোমরা ভারত ক্রিকেট দল। হ্যাঁ, তোমরা বিশ্বের সেরা দল…কিন্তু খেলা শেষে হাত মেলাওনি। এতেই তোমাদের আসল রূপ প্রকাশ পায়! পাকিস্তানের খেলোয়াড়েরা অপেক্ষা করছিল, কিন্তু ভারতের খেলোয়াড়েরা সোজা ড্রেসিংরুমে চলে গেল! আইসিসি কোথায়!’

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি সমর্থকেরা ভারতের এই আচরণকে ‘অখেলোয়াড়সুলভ’ বলে তীব্র সমালোচনা করছেন। তবে ভারতীয় সমর্থকেরা যেন উল্টো এতে মজা পাচ্ছেন। তাঁদের কথা, জাতীয় আবেগের সঙ্গে তাল মিলিয়ে ঠিক কাজই করেছে তাঁদের দল।

এখন প্রশ্ন উঠছে—ভারতের এই আচরণে কি আইসিসি তাদের শাস্তি দেবে?
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইতিমধ্যেই জানিয়েছে, ম্যাচ শেষে তাদের প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন। এখন দেখা যাক, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়ে কী করে।

এশিয়া কাপের আয়োজক এসিসি হলেও যেহেতু সব আন্তর্জাতিক ম্যাচ, তাই আইসিসির আচরণবিধিই প্রযোজ্য। আইসিসি বরাবরই খেলোয়াড়সুলভ আচরণের কথা বলে এসেছে। তবে নিয়মে কোথাও লেখা নেই যে ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক।

হাত মেলানোকে নিছক সৌজন্যের প্রতীক হিসেবেই ধরা হয়। কিন্তু ইচ্ছা করে হাত না মেলানোর কোনো শাস্তির কথা আচরণবিধিতে নেই। আইসিসির আচরণবিধির ভূমিকার অংশে বলা আছে—খেলোয়াড়েরা যেন খেলা, সতীর্থ, প্রতিপক্ষ, আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তাদের প্রতি সম্মান দেখান।

তাই আইনগতভাবে ভারত দলকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ আসলে নেই আইসিসির। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বড়জোর এ আচরণের জন্য সূর্যকুমারের দলকে ‘মৃদু তিরস্কার’ করতে পারে। আর আইসিসির শীর্ষ পদেই তো বসে আছেন এক ভারতীয়—জয় শাহ। ফলে এ ঘটনার জন্য আইসিসি ভারতকে আদৌ কিছু বলবে, এমন সম্ভাবনা নেই বললেই চলে।

বিজ্ঞাপন

পড়ুন : পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোর কারণ জানালেন সূর্যকুমার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন