হ্যান্ডশেক ইস্যু থামছেই না। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের অপসারণের দাবিতে পিসিবি ও আইসিসির মধ্যে চিঠি চালাচালি হয়েছে বেশ কয়েকবার। আইসিসির কাছে পিসিবির দাবি পাইক্রফটের অপসারণ। অন্যথায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে টুর্নামেন্ট বয়কট হুঁশিয়ারি তাদের।
ঘোলাটে এই ইস্যুতে আজ দুবাইয়ে বৈঠকে বসেছে পিসিবি, এসিসি ও আইসিসির কর্তারা। সংবাদ মাধ্যমের প্রতিবেদন বরাতে জানা যাচ্ছে, পাইক্রফটের অপসারণের পাশাপাশি হ্যান্ডশেক না করায় ভারতীয় অধিনায়কের ক্ষমা চাওয়ার দাবি তুলেছে পাকিস্তান। বৈঠক এখনও শেষ হয়নি। তাই ম্যাচ পিছিয়ে গিয়েছে এক ঘণ্টা।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকইনফো ও ক্রিকবাজের খবর হলো, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচটি সাড়ে ৯টা নাগাদ অনুষ্ঠিত হবে। এটা গ্রুপপর্বে পাকিস্তানের শেষ ম্যাচ, জিতলেই সুপার ফোরে উঠে যাবে তারা ।
সংবাদমাধ্যমগুলো জানাচ্ছিল, বৈঠক চলাকালে আরব আমিরাতের ক্রিকেটাররা দুবাই স্টেডিয়ামে উপস্থিত হলেও নিজেদের দাবিতে একাট্টা পাকিস্তানের ক্রিকেটাররা হোটেলে আবদ্ধ ছিলেন। মহসিন নাকভি এক্সে জানিয়েছেন, তারা মাঠের উদ্দেশে হোটেল ছেড়েছেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

