শেষ কিছু এশিয়া কাপের মাঝে এবারই ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উত্তেজনা ও বিতর্ক বেশি। চলতি আসরে দুই দলের প্রথম দেখায় ভারতীয় ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে বিতর্ক এখনও শেষ হয়নি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দিকেও অভিযোগ ছিল পাকিস্তানের। তাকেই আবারও দুই দলের লড়াইয়ে ম্যাচ রেফারি করেছে আইসিসি। যে কারণে আবারও প্রি-ম্যাচ প্রেস কনফারেন্স বাতিল করেছে পাকিস্তান।
আগামীকাল (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে আবার মুখোমুখি হবে পাকিস্তান-ভারত। ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ জানিয়েছে, পাইক্রফটের ম্যাচ রেফারি হওয়া ও নো-হ্যান্ডশেক বিতর্ক নিয়ে প্রশ্ন এড়াতেই সংবাদ সম্মেলন বাতিল করেছে পাকিস্তান দল। ফলে দুই দলের আসন্ন লড়াইয়ে উত্তেজনা যে আরও বাড়ছে, তা নিশ্চিত।
শনিবার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করে আইসিসি। যেখানে দেখা যায়, ভারত-পাকিস্তানের সবশেষ ম্যাচে বিতর্কের কেন্দ্রে থাকা পাইক্রফটকেই দুই দলের আসন্ন লড়াইয়ের ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব দিয়েছে আইসিসি। ফলে আগামীকাল দুবাইয়ে এশিয়া কাপে সুপার ফোর পর্বের ভারত-পাকিস্তান ম্যাচে তিনি দায়িত্ব পালন করবেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচে রেফারি ছিলেন পাইক্রফট। সেদিন জিম্বাবুয়ের এই ম্যাচ রেফারি পাকিস্তান অধিনায়ক সালমান আগাকে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলাতে বলেন। যার মাধ্যমে ক্রিকেটের নিয়ম ও চেতনার লঙ্ঘন ঘটিয়েছেন- এমন অভিযোগে তাকে এশিয়া কাপ থেকে তাৎক্ষণিক অপসারণের দাবি জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পড়ুন : ভারত-পাকিস্তানের সুপার ফোরের ম্যাচেও সেই পাইক্রফটই রেফারি


