জুলাই জাতীয় সনদের (জুলাই জাতীয় সনদ-২০২৫) আইনি ভিত্তি প্রদান ও এর ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি-সহ মোট ৬ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। আজ শনিবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এই দাবি ও কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
খেলাফত মজলিস তাদের মূল দাবিগুলোর মধ্যে অন্যতম হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই দ্রুত জুলাই জাতীয় সনদ-২০২৫ ঘোষণা এবং তা কার্যকর করতে এর আইনি ভিত্তি প্রদান করতে হবে। একই সঙ্গে এই সনদের ভিত্তিতেই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করার দাবি জানিয়েছে দলটি।
দাবিকৃত ৬ দফা পূরণে নতুন কর্মসূচিসমূহ হলো
১. ৫-৯ অক্টোবর: গণসংযোগ।
২. ১০ অক্টোবর: ঢাকা-সহ বিভাগীয় শহরে গণমিছিল।
৩. ১২ অক্টোবর: সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান।
৪. ১৫-৩০ অক্টোবর: সারাদেশে সংসদীয় আসন ভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচী।
ড. আহমদ আবদুল কাদের লিখিত বক্তব্যে বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার, তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসনিক সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে থাকা প্রশ্নের সমাধান হয়নি। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তবায়ন নিয়ে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং এই অনিশ্চয়তা দূর করা জরুরি।
মহাসচিব জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদানের জন্য দলটির প্রস্তাবনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে:
ক. সনদ স্বাক্ষরের পর দুই মাসের মধ্যে গণভোটের মাধ্যমে একে সাংবিধানিক ও আইনি মর্যাদা প্রদান করা।
খ. রাষ্ট্রীয় পলিসি সংক্রান্ত বিষয়গুলো অর্ডিনেন্স বা নির্বাহী আদেশে এবং সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে কার্যকর করা। তবে শর্ত থাকে যে, আগামী সংসদের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই সেগুলোর আনুষ্ঠানিক অনুমোদন (Ratify) করতে সংসদ সদস্যগণ বাধ্য থাকবেন—এ মর্মে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করতে হবে।
পড়ুন : ১৫ অক্টোবরের মধ্যে দেওয়া হবে জুলাই সনদের পূর্ণাঙ্গ রূপ


