বিজ্ঞাপন

জুবিনের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন

আসামের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু ঘিরে তদন্তে বেরিয়ে এসেছে নতুন চাঞ্চল্যকর তথ্য। তদন্তে যুক্ত বিশেষ তদন্ত দল (এসআইটি) জানিয়েছে, জুবিনের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১ কোটি রুপি লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। যেটা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৭ লাখ টাকার বেশি।

মিন্টের প্রতিবেদন থেকে জানা যায়, এই আর্থিক লেনদেনের সূত্র ধরে তদন্ত এখন আরও গভীরে প্রবেশ করছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সংস্থাগুলোর, বিশেষ করে আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) দ্রুত তদন্তে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি চাই কেন্দ্রীয় সংস্থাগুলো এ ব্যাপারে নজর দিক। আমাদের প্রধান উদ্বেগ সিঙ্গাপুরে যারা জুবিনের সঙ্গে ছিলেন, তারা দেশে ফিরে তদন্তে সহযোগিতা করবেন কি না। তাদের অংশগ্রহণ ছাড়া এই তদন্ত সম্পূর্ণ হবে না।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রস্নানের সময় রহস্যজনকভাবে মারা যান জুবিন গার্গ। তিনি সেখানে উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক উৎসবের চতুর্থ সংস্করণে পারফর্ম করতে গিয়েছিলেন। অনুষ্ঠানটির আয়োজক ছিলেন শ্যামকানু মহন্ত ও তার প্রতিষ্ঠান।

জুবিনের মৃত্যুর পরপরই তদন্তে একের পর এক তথ্য বেরিয়ে আসছে। এ ঘটনায় ইতিমধ্যেই গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সংগীতশিল্পী শেখরজ্যোতি গোস্বামী, গায়িকা অমৃতপ্রভা মহন্ত এবং আয়োজক শ্যামকানু মহন্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যজুড়ে এ পর্যন্ত ৬০টিরও বেশি এফআইআর দায়ের হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। পরে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, সব মামলা একত্র করে সিআইডিতে হস্তান্তর করতে, যাতে একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত হয়।

এসআইটি ইতিমধ্যে সিঙ্গাপুরে থাকা জুবিনের ঘনিষ্ঠ ১১ জনের মধ্যে ৮ জনকে তলব করেছে, যারা সবাই সেই ইয়টে ছিলেন যেখানে জুবিনের শেষ সময় কেটেছিল। ৬ অক্টোবরের মধ্যে হাজির হতে বলা হলেও কেউ নির্ধারিত সময়ে উপস্থিত হননি। তবে রূপকমল কলিতা নামে একজন জানিয়েছেন, তিনি শিগগিরই তদন্তে অংশ নেবেন। তদন্তকারীদের ধারণা, নিরাপত্তারক্ষীদের একাউন্টে পাওয়া আর্থিক লেনদেনই হয়তো এই রহস্যের নতুন সূত্র উন্মোচন করতে পারে। জুবিন গার্গের মৃত্যুর আসল কারণ উদ্ঘাটনে তাই এখন সবাই তাকিয়ে আছে এসআইটির পরবর্তী পদক্ষেপের দিকে।

বিজ্ঞাপন

পড়ুন : জুবিনের কফিন ধরে কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন