এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলার স্বপ্ন এখন প্রায় নিভে আসা এক আলো। ঘরের মাঠে হংকং, চায়নার বিপক্ষে আগের ম্যাচে হারের পর জটিল সমীকরণে আটকে গেছে বাংলাদেশের সম্ভাবনা। তবুও ‘যদি-কিন্তুর’ অঙ্ক মিললে সেই স্বপ্ন আবার জেগে উঠতে পারে—তবে শর্ত একটাই, হাতে থাকা তিন ম্যাচেই জিততে হবে।
সেই লড়াইয়ের প্রথম ধাপ আজই, হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে স্বাগতিকদের বিপক্ষে সন্ধ্যা ৬টায় নামছে লাল-সবুজেরা।
কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও কোচ হাভিয়ের কাবরেরা বেছে নিয়েছেন রক্ষণাত্মক কৌশল। ‘বাস পার্ক’ ফরমেশনে মাঠে নামছে বাংলাদেশ।
আজকের একাদশে ফিরেছেন শমিত সোম। মিডফিল্ডে নেতৃত্বে থাকবেন হামজা দেওয়ান চৌধুরী, সঙ্গে রয়েছেন সোহেল রানা সিনিয়র ও শেখ মোরছালিন। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন সোহেল রানা জুনিয়র।
অধিনায়ক জামাল ভূইয়াকে এবারও বেঞ্চে বসিয়ে রাখছেন কোচ কাবরেরা। তবে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মন ফিরেছেন মূল একাদশে এবং তাঁর হাতেই উঠছে অধিনায়কের আর্মব্যান্ড।
রক্ষণভাগে ৫ জন ডিফেন্ডার নিয়ে সাজানো একাদশে সেন্টার ব্যাকে তপুর সঙ্গে থাকছেন শাকিল আহাদ তপু ও তারিক কাজী। লেফট ব্যাকে রয়েছেন জায়ান আহমেদ, আর রাইট ব্যাকে সাদ উদ্দিন।
ফরোয়ার্ডে আক্রমণের দায়িত্ব রাকিব হোসেনের কাঁধে। গোলপোস্টের নিচে আছেন নির্ভরযোগ্য মিতুল মারমা।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মন (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন, রাকিব হোসেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

