বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের ক্ষমতায়নের সনদ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলার নতুন বাজার এলাকায় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বলেন,“তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা হচ্ছে জনগণের ক্ষমতায়নের সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে জনগণ তাদের হারানো অধিকার ও গণতান্ত্রিক মর্যাদা ফিরে পাবে।”
তিনি আরও বলেন,“৩১ দফাকে ঘরে ঘরে পৌঁছে দিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। এ কর্মসূচি গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথনকশা।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, যুগ্ম আহ্বায় আসাদুজ্জামান লিটু, আশরাফুল আলম সজল, ফাহিম মুনতাসীর, পিরোজপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর, সদস্য জাহিদুল ইসলাম, চিরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম শাহীন, সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম হিরন, কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ।
বক্তব্যে জসিম উদ্দিন জানান, “আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। আমি দলের একজন কর্মী হিসেবে পিরোজপুর-০২ আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। দল যদি আমাকে দায়িত্ব দেয়, এই আসনটি তারেক রহমানকে উপহার দিতে চাই। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তাঁর পক্ষেই কাজ করবো।”
তিনি সকল নেতাকর্মীর উদ্দেশে আহ্বান জানান, “বিএনপি, তারেক রহমান ও ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকুন। জনগণের মুক্তি ও পরিবর্তনের আন্দোলন এখন চূড়ান্ত পর্যায়ে।”
উল্লেখ্য, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি দেশের রাজনৈতিক, প্রশাসনিক, বিচারিক ও অর্থনৈতিক কাঠামো সংস্কারের একটি সমন্বিত রূপরেখা। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

