চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে ১২৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠল আফ্রিকার এই দলটি।
বুধবার (২৯ অক্টোবর) ভারতের গুয়াহাটির বারসাপারা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৩১৯ রানের বিশাল সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকা। ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক লরা উলভার্ট। রেকর্ড গড়া ইনিংস খেলতে গিয়ে ১৪৩ বলে ২০ চার ও ৪ ছক্কায় ১৬৯ রান করেন তিনি। এটি বিশ্বকাপের নকআউট পর্বে কোনো অধিনায়কের প্রথম সেঞ্চুরি এবং দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
এ ছাড়া তাজমিন ব্রিটস ৪৫, ম্যারিজেন কেপ ৪২ এবং কোলে লেসলি ট্রিয়ন ৩৩ রান যোগ করেন। ইংল্যান্ডের হয়ে সোফি একেলেসটোন ৪৪ রানে ৪ উইকেট নেন। লরেন বেল শিকার করেন ২ উইকেট।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ইংলিশরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯৪ রানে অলআউট হয় বর্তমান চ্যাম্পিয়নরা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান আসে অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্টের ব্যাট থেকে। ফিফটি করেন অ্যালিস ক্যাপসি। বাকিরা কেউই বলার মতো পারফরম্যান্স দিতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত বোলিং করেন ম্যারিজেন কেপ। ৭ ওভারে মাত্র ২০ রানে ৫ উইকেট ঝুলিতে ভরেন তিনি। নাদিন দি ক্লার্ক নেন ২ উইকেট; একটি করে উইকেট দখল করেন খাকা, ম্লাবা ও সুনে লাস।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। এই ম্যাচের বিজয়ী দলই আগামী ২ নভেম্বর ফাইনালে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

