৪৮ বছরের ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো “নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর” বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার উদ্যোগের প্রতিবাদে সারা দেশের ন্যায় পটুয়াখালীতে একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নার্স, মিডওয়াইফ ও সংশ্লিষ্ট সংগঠনগুলো।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ২টায় বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের ব্যানারে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে নার্সিং সংগঠনের নেতৃবৃন্দ এবং শতাধিক ব্রাদার্স ও নার্সগন উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির (বিএমএস) সভাপতি রোজিনা খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সভাপতি মোছাঃ ফাতেমা বেগম, সহ-সভাপতি মোঃ কাউসার মাহমুদ, সাধারণ সম্পাদক মোছাঃ জেসমিন আক্তার, কোষাধ্যক্ষ মোছাঃ শাহনাজ পারভীন মায়া, শিক্ষার্থী প্রতিনিধি আয়েশা ও মারজান প্রোমি, এবং স্বাস্থ্য ও ধাত্রীবিদ্যা প্রতিনিধি আফরোজা বেগম।
মানববন্ধনে বক্তারা , এই সিদ্ধান্তকে “জনস্বার্থবিরোধী ও পেশার স্বকীয়তা ধ্বংসের অপচেষ্টা” বলে আখ্যা দেন এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানান। তারা আরও বলেন স্বাধীনতার পর নার্সিং পেশার বিকাশে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ১৯৭৭ সালে স্বতন্ত্র “সেবা পরিদপ্তর” গঠিত হয়, যা পরবর্তীতে ২০১৬ সালে “নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর”-এ উন্নীত হয়। দীর্ঘ ৪৮ বছরের ইতিহাস, ঐতিহ্য ও অগ্রগতির এই অধিদপ্তরকে সম্প্রতি বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে একীভূত করার প্রস্তাব ওঠায় সারাদেশের নার্স ও মিডওয়াইফ সমাজে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নার্সিং ও মিডওয়াইফারি পেশা বিশ্বব্যাপী স্বতন্ত্র ও সম্মানজনক হলেও বাংলাদেশে এই পেশাকে বারবার অবমূল্যায়ন ও প্রশাসনিক অব্যবস্থাপনার শিকার হতে হচ্ছে। ২০১৬ সালে অধিদপ্তর প্রতিষ্ঠার আট বছর অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ বাস্তবায়ন হয়নি। তারা আরও উল্লেখ করেন যে, নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের দাবিসমূহ সরকার বাস্তবায়নের আশ্বাস দিলেও ১৪ মাস পার হয়ে গেলেও কোনো অগ্রগতি হয়নি।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের বিলুপ্তি মানে নার্স সমাজের স্বকীয়তা ধ্বংস করা। এই অপচেষ্টা বন্ধ না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
পড়ুন : পটুয়াখালীতে সেচ্ছাসেবকদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


