বিভিন্ন দাবিতে টানা ২২তম দিনের মতো রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা।
সোমবার (৩ নভেম্বর) সকাল থেকে তারা এ কর্মসূচি শুরু করেছেন। এর আগে রোববার (২ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছিল, অনুদানভুক্ত ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জাতীয়করণের প্রক্রিয়া আজকের (সোমবার) মধ্যেই শুরু করা হবে।
গতকালও শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। পরে দুপুরে যমুনা অভিমুখে লংমার্চ শুরু করলে তারা পুলিশি বাধার মুখে পড়েন। বিকেলে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে আলোচনায় অংশ নেয়। আলোচনার পর তারা আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
তবে এতে অসন্তোষ জানিয়েছেন অনুদানবিহীন মাদ্রাসার শিক্ষকরা। তাদের দাবি, অনুদানভুক্ত ও অনুদানবিহীন—উভয় ধরনের ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণের আওতায় আনতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা।
উল্লেখ্য, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা কার্যক্রম জাতীয়করণের দাবিতে ১২ অক্টোবর থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। পরে ৩০ অক্টোবর বিকেলের মধ্যে গেজেট প্রকাশ না হলে ২ নভেম্বর প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লংমার্চের ঘোষণা দেন তারা।


