পাহাড়ি নারীদের হাতে তৈরি পণ্য নিয়ে রাঙামাটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী সপ্তম সাবাংগী মেলা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে জেলা শহরের রাজবাড়ী সড়ক সাবারাং রেস্টুরেন্ট প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার উদ্বোধন করেন সাবাংগী নারী উদ্যোক্তা সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও চাকমা সার্কেল চিফ দেবাশীষ রায়।
সাবাংগী মেলায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার, অন্তর্বর্তীকালীন সরকারের নারীবিয়ষক সংস্কার কমিশনের সদস্য ও শিক্ষাবিদ নিরূপা দেওয়ান, জেলা পরিষদ সদস্য প্রতুল দেওয়ান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) রাঙামাটির সহকারী মহাব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন, সাবেক মৎস্য কর্মকর্তা ইন্দুলাল চাকমাসহ অন্যরা।
সাবাংগী মেলার নারী উদ্যোক্তা রেঁনেসা চাকমা বলেন, ‘আমাদের লক্ষ্য নিজেদের পাশাপাশি পরিবার, সমাজ, জাতি ও দেশকে এগিয়ে নেয়া। নারীরা যেন অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখতে পারে; এই বিশ্বাস থেকেই সাবাংগীর যাত্রা ও সংগ্রাম। নারীদের অর্থনৈতিক সমৃদ্ধি আনাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য।’
সাবাংগী নারী উদ্যোক্তা সমিতির উদ্যোগে এবারের মেলায় ২৭টি স্টল বসেছে। মেলায় সেরা উদ্যোক্তা হিসেবে দুইজন সদস্যকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উদ্বোধন শেষে প্রদর্শনী মেলা স্টল ঘুরে দেখেন অতিথিরা। মেলায় ঘুরে দেখা গেছে, বাঁশ ও বেতের বিভিন্ন নান্দনিক পণ্য, হাতে তৈরি সৌন্দর্যবর্ধন পণ্য, কৃষিপণ্য থেকে প্রক্রিয়াজাত খাবার, পাহাড়িদের ঐতিহ্যগত পোশাক, কোমড় তাঁতের বস্ত্র পণ্যসহ পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার।
উদ্যোক্তারা জানিয়েছেন, ‘সাবাংগী’ একটি চাকমা ভাষার শব্দ। এর বাংলা অর্থ বোঝায়, ‘এক ছায়ার নিচে কাজ করা কর্মসঙ্গী বা সহকর্মী’।
পড়ুন: কিশোরগঞ্জ-১ আসনে জহিরুল ইসলাম মবিন এমপি মনোনয়নের দাবিতে সংবাদ সম্মেলন
দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি
ইম/


