সৌদি আরব সরকার আসন্ন হজ মৌসুমে হজযাত্রীদের স্বাস্থ্যের ঝুঁকি যাচাই করার নতুন নিয়ম চালু করেছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনায়, প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
মন্ত্রণালয় সব হজযাত্রী পাঠানো দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছে, তারা যেন প্রতিটি হজযাত্রীর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করেন। এতে নিশ্চিত হবে যে, হজযাত্রীদের শরীর স্বাস্থ্যগতভাবে হজ পালন উপযোগী।
সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি হজ পালন করতে পারবেন না। মন্ত্রণালয় বাংলাদেশসহ হজযাত্রী পাঠানো সব দেশের কাছে চিঠি পাঠিয়েছে, যাতে হজের অনুমতি না পাওয়া ব্যাক্তির ক্ষেত্রে শারীরিক শর্তাবলী বিস্তারিতভাবে জানানো হয়।
সৌদি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কোনো হজযাত্রীর শরীরের প্রধান অঙ্গগুলো অকার্যকর হলে তিনি হজের অনুমতি পাবেন না। এর মধ্যে রয়েছে- ডায়ালাইসিস চলছে এমন কিডনি রোগ, গুরুতর হৃদরোগ, সবসময় অক্সিজেন প্রয়োজন হয় এরূপ ফুসফুসের রোগ ও ভয়াবহ লিভার সিরোসিস। এছাড়া গুরুতর স্নায়বিক কিংবা মানসিক রোগ, স্মৃতিভ্রষ্টতাসহ অতি বয়স্ক ব্যক্তি, শেষ প্রান্তিকের গর্ভাবস্থা ও যে কোনো স্তরে উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায়ও হজের অনুমতি মিলবে না।
এছাড়া, সংক্রামক রোগ যেমন যক্ষ্মা, ভাইরাল হেমোরেজিক জ্বর এবং কেমোথেরাপি কিংবা অন্য কোনো নিবিড় ইমিউনোথেরাপি চিকিৎসা গ্রহণ করছেন এমন ক্যানসার আক্রান্ত ব্যক্তিকেও হজের অনুমতি দেবে না সৌদি সরকার।
হজযাত্রী পাঠানো কর্তৃপক্ষকে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত প্রত্যয়ন করে নুসুক মাসার প্ল্যাটফর্মে প্রত্যেক হজযাত্রীর জন্য আবশ্যিকভাবে বৈধ স্বাস্থ্য সনদ ইস্যু করতে অনুরোধ করেছে সৌদি আরব।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

