আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হচ্ছে আজ (রোববার)। এরপর ২৭ নভেম্বর থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ফলে টেস্টে থাকা খেলোয়াড়দের অনেকে টি-টোয়েন্টিতেও বিশ্রাম পাচ্ছেন না। তবে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের জন্য দেশের বাইরে থাকায় টি-টোয়েন্টি দলে থাকছেন না পেসার তাসকিন আহমেদ।
বর্তমানে আবুধাবি টি-টেনে খেলছেন তাসকিন। এর পর ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতেও তার খেলার কথা রয়েছে। তাই জাতীয় দলের আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার অনুপস্থিতি নিশ্চিত। বিসিবিও তাকে বিশ্রাম দেওয়ার পক্ষে।
তাসকিনের জায়গায় দলে ডাক পাচ্ছেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিসিবির একটি সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ছিলেন না সাইফউদ্দিন; এরপর তিনি ইনজুরিতেও ভুগেছিলেন। এখন পুরোপুরি সেরে ওঠায় দলে ফেরার অপেক্ষায় আছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার।
এদিকে মুস্তাফিজুর রহমানকেও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। শেষ পর্যন্ত তিনি না খেললে স্কোয়াডে জায়গা পেতে পারেন হাসান মাহমুদ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ইনজুরিতে পড়েছিলেন শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান; তবে তারা আয়ারল্যান্ড সিরিজের আগেই ফিট হয়ে উঠেছেন।
প্রসঙ্গত, বাংলাদেশ-আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। প্রতিটি ম্যাচই সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
পড়ুন: সেই এসি প্রিজনভ্যানেই ট্রাইব্যুনালে হাজির করা হলো ১৩ সেনা কর্মকর্তাকে
আর/


