ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় গুলিতে নিহত সাদ্দাম হোসেন (৩২) নামের এক যুবকের মরদেহ নিয়ে মিছিল করে গিয়ে থানায় অবস্থা করছে এলাকাবাসী। ময়নাতদন্ত শেষে শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সাদ্দামের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এরপরই হত্যার দ্রুত নথিভুক্ত করতে ও ব্রাহ্মণবাড়িয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপকে গ্রেফতারের দাবিতে নিহতের স্বজন ও স্থানীয় এলাকাবাসী সদর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আজহারুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পাওয়া মাত্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কান্দিপাড়া এলাকায় লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় এ বিরোধের জেরে কান্দিপাড়ায় অবস্থানরত দিলীপ গ্রুপের সদস্যদের ওপর লায়ন শাকিল ও তাঁর সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ ঘটনায় টুটুল, শিহাব ও সাজু মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হন।
পরবর্তীতে একই বিরোধের ধারাবাহিকতায় গভীর রাতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে ডেকে নিয়ে প্রথমে গুলি করা হয়, পরে গলা কেটে হত্যা করা হয় বলে জানান নিহতের বাবা মোস্তফা কামাল ও এলাকাবাসী।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

