প্রায় এক যুগ পর গতকাল (রোববার) অনুষ্ঠিত হয়েছে বিপিএলের দ্বাদশ আসরের নিলাম। সেখানে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। দলের সঙ্গে সরাসরি চুক্তিতে আগেই যুক্ত হয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। নিলাম শেষে গণমাধ্যমকে তিনি জানান—মুশফিককে দলে নেওয়া ছিল টিম ম্যানেজমেন্টের সম্মিলিত সিদ্ধান্ত।
মুশফিককে স্কোয়াডে ভেড়ানোর বিষয়ে শান্ত বলেন, ‘আমাদের এত বড় খেলোয়াড়, যিনি এত বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সেবা দিয়েছেন। তাকে দলে নেওয়ার ইচ্ছা অবশ্যই ছিল। টিম ম্যানেজমেন্ট, কোচ ও মালিক সবার সম্মিলিত সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা মুশফিক ভাইকে দলে নিয়েছি। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং আমি মনে করি তিনি আমাদের দলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।’
নিলামের প্রথম ডাকে দল না পেলেও পরবর্তী রাউন্ডে দাম কমানো ছাড়াই ‘বি’ ক্যাটাগরি থেকে মুশফিককে দলে নেয় রাজশাহী। এই সিদ্ধান্তের জন্য নিজের দলের ম্যানেজমেন্ট এবং রংপুর রাইডার্সকে কৃতিত্ব দেন শান্ত। তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা সত্যিই খুব ভালো সিদ্ধান্ত। অবশ্যই সম্মান দেওয়া উচিত। আর বিসিবি ও রংপুর দলের কথা বিশেষভাবে বলতে চাই, কারণ এই বার্তাটি (ক্যাটাগরি অবনমন না করা) প্রথমে রংপুর থেকেই এসেছে। তাই রংপুরকে ধন্যবাদ। আমার কাছে মনে হয়, এটা খুব ভালো একটি সিদ্ধান্ত ছিল।’
রাজশাহী ওয়ারিয়র্সের স্কোয়াডে অন্তর্ভুক্ত স্থানীয় খেলোয়াড়দের নিয়েও সন্তোষ প্রকাশ করেন শান্ত। তাঁর ভাষায়, ‘আমি স্থানীয় যেসব খেলোয়াড় পেয়েছি আলহামদুলিল্লাহ, আমরা তাতে খুশি। আপনি যদি সবার সাম্প্রতিক পারফরম্যান্স দেখেন, বিশেষ করে ঘরোয়া ক্রিকেটে, তাহলে দেখবেন যে এরা সবাই বেশ ভালো পারফর্মার। আশা করি, তারা বিপিএলেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে।’
পড়ুন: এক যুগ পর বিপিএল এর নিলাম
আর/


