নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমড়া কালীগঞ্জ সড়কের ইছাখালী তেমোড়া ও শীতলক্ষ্যা সেতুর জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ২০ টির অধিক দোকান ঘর। এতে প্রতিদিন যানজট লেগে থাকায় চরম ভোগান্তি পোহাচ্ছেন এ পথে যাতায়াতকারীরা।
সরেজমিনে ঘুরে ও স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায়, ইছাখালীতে শীতলক্ষ্যা ব্রিজের পাশে ও ডেমড়া কালীগঞ্জ সড়কের জমি অবৈধ দখল করে দোকান ঘর নির্মাণ করছেন একটি চক্র। এসব অবৈধ দোকানের কারনে প্রতিদিন যানজট লেগে থাকে। সাধারণ লোকজনের চলাচল অনুপযোগী হয়ে পড়ছে এলাকাটি।
স্থানীয় বাসিন্দারা জানান, ইছাখালী অস্থায়ী বাজার এলাকায় অবৈধ দখলদার সাদেক বেপারীর আলু পেঁয়াজের দোকান রয়েছে ডেমড়া কালীগঞ্জ সড়ক ও সেতুর জমির উপর। একইস্থানে স্থানীয় সাইদুর রহমানের কাঁচামালের দোকান, শফিকুল ইসলামের মুরগীর দোকান, আনোয়ারের মসলার দোকান, বিল্লালের পানের দোকান, তৈয়বুর রহমানের মুদি দোকান, নুর ছালামের চায়ের দোকান, সুমনেরের কসাইর দোকানসহ ২০ টির অধিক দোকান গড়ে তোলা হয়েছে।
অভিযোগ রয়েছে, ৫ আগষ্ট ২০২৪ এর তারিখের পরে নতুন করে দখলদার বাহীনি গড়ে তোলেন এসব দোকান । এর আগে বিগত সরকারের সময়ে সাবেক ইউএনও একাধিকবার উচ্ছেদ অভিযান করলে যানজট মুক্ত হয়েছিলো এলাকাটি। অস্থায়ী ব্যবসায়ীরা জানান, এসব দোকান থেকে দৈনিক ১০০ থেকে ২০০ টাকা ভাড়া তোলেন দখলদাররা। জমি সরকারী হলেও সরকারী লোকের নজরদারী নাই।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক ভুৃৃঁইয়া বলেন, ইছাখালীর মানুষের হাট বাজারের সুবিধায় অস্থায়ী দোকান বা ভাসমান দোকান বসানোর মৌখিক অনুমোদন আছে৷ কিন্তু পাকা বা আধাপাকা দোকান নির্মান করে দখলে নেয়ার কথা না। এসব বিষয়ে আমি যারা দখল করে আছে তাদের দখল ছেড়ে দিতে বলেছি। কিন্তু তারা শুনেননা। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, যানজট ভোগান্তি দূর করতে অবৈধ দোকান উচ্ছেদ করা হবে। সরকারী জমি সরকারের অধীনে নিয়ে আসবো। রাস্তায় হাট বাজার করে সড়কে প্রতিবন্ধকতা করা অন্যায়৷
স্থানীয় বাসিন্দারা জানান, ডেমরা কালীগঞ্জে সড়কের মুশুরী ফজুর বাড়ি থেকে পূর্বাচল সড়কের বাগবের বাজার এলাকায় সড়ক দখল করে প্রতিদিন সকালে বাজার বসে৷ এতে সকালে স্কুল, কলেজ, হাসপাতালগামী লোকজন যানজটের শিকার হন।
পড়ুন- অনিয়ম-দুর্নীতিতে ভরপুর রংপুরের কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়


