বিজ্ঞাপন

জয়ে ফিরল লিভারপুল-বায়ার্ন, অ্যাতলেটিকোকে জেতালেন আলভারেজ

আর্নে স্লটের প্রথম মৌসুমেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে সুসময়ে ফেরার আভাস দিয়েছিল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগেও লম্বা সময় তারা রাজত্ব করেছিল। কিন্তু চলতি মৌসুমে দৃশ্যপট সম্পূর্ণ উল্টো, প্রিমিয়ার লিগের সর্বশেষ ৫ ম্যাচে জয় স্রেফ একটি। পিএসভির কাছে আগের ম্যাচ ডেতে বিধ্বস্ত হওয়ার পর এবার তারা ইন্টার মিলানকে হারিয়েছে। একইদিন জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। মিলানের মাঠ সান সিরোয় প্রায় সমান তালে লড়েছে লিভারপুল ও স্বাগতিক ইন্টার। গোলের জন্য সমান ১২টি শট নিয়ে লিভারপুল ৬ এবং ইন্টার ২টি লক্ষ্যে রাখতে পেরেছিল। ম্যাচের শুরু থেকে দুই দলই ছিল বেশ সতর্ক। ঘর সামলে রাখাই ছিল তাদের মূল লক্ষ্য। ফলে প্রধমার্ধে যেমন খেলায় গতি ছিল না, তেমনি একের পর এক ফাউল আরও বিরক্তি বাড়িয়েছে। প্রথমার্ধেই অলরেডরা এগিয়ে যেতে পারত, ইব্রাহিমা কোনাতের বল ইন্টারের গোললাইন অতিক্রম করলেও, পরমুহূর্তে দেখা যায় হুগো একিটিকের হাতে লেগেছে বল।

বিজ্ঞাপন

দ্বিতীয়ার্ধে খেলায় গতি ফিরলেও সেসব কার্যকরী হচ্ছিল না। শেষ পর্যন্ত ডেডলক ভেঙেছে পেনাল্টিতে। ৮৬তম মিনিটে ডি-বক্সে ফ্লোরিয়ান ভির্টজকে পেছন থেকে টেনে ফেলে দেওয়ায় লিভারপুল পেনাল্টি পায়। স্পট ক্রিকে গোল করেছেন ডোমিনিক সোবোজলাই। সেটাই তাদের ১-০ ব্যবধানে জয় এনে দেয়। এই হারে মৌসুমের শুরুর দিকে টেবিলের ওপরের দিকে থাকা ইন্টার পাঁচে নেমে গেছে। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে উঠেছে লিভারপুল। অন্যদিকে, ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ সফরকারী স্পোর্টিং লিসবনকে আক্রমণে তটস্থ রাখলে প্রথমার্ধে ছিল গোলশূন্য। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচে আর্সেনালের কাছে হারা বাভারিয়ানরা দাপটের মাঝেই গতকাল প্রথম গোলটি খায়। অবশ্য স্পোর্টিং লিসবন লক্ষ্যে কোনো শট না নিয়েই লিড পেয়ে যায়। জশুয়া কিমিচ আত্মঘাতী গোল করেন ৫৪ মিনিটে। হয়তো সেটাই ছিল ভিনসেন্ট কোম্পানির দলের নড়েচড়ে বসার উপলক্ষ্য। ঘুরে দাঁড়িয়ে তারা ১২ মিনিটের মাঝেই তিনবার স্পোর্টিংয়ের জালে বল জড়ায়।৬৫ মিনিটে জার্মান তারকা সার্জে গ্যানাব্রি তাদের সমতায় ফেরান। এরপর ৬৯ মিনিটে লেনার্ট কার্লের গোলে লিড এবং ৭৭ মিনিটে ব্যবধান আরও বাড়ান জোনাথন টাহ। যা বায়ার্নের ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে ৫৫ শতাংশের বেশি পজেশন রেখে গোলের জন্য ২৩ শট নিয়ে ৯টি লক্ষ্যে রাখতে পারে তারা। লিসবন চারটির মধ্যে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের সময়টা কাটছে ভালো-মন্দের মিশেলে। পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে খেলার শুরুতেই তারা পিছিয়ে পড়েছিল। এরপর তিন গোল দিয়ে প্রতিপক্ষকে চেপে ধরে দিয়েগো সিমিওনের দল। দারুণ ফর্মে থাকা হুলিয়ান আলভারেজের গোলেই মূলত ৩৭ মিনিটে সমতায় ফেরে অ্যাতলেটিকো। এরপর ডেভিড হ্যাঙ্কো ও আলেকজান্ডার সোরলোথ স্কোরলাইন ৩-১ করেন। ৮৫ মিনিটে রোমাঞ্চ ছড়িয়ে পিএসভি আরেকটি গোল করে। তবে রিকার্ডো পেপির গোলটি ব্যবধান কমিয়েছে কেবল।

৩-২ ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের সাতে অবস্থান করছে অ্যাতলেটিকো। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ১২। সমান পয়েন্ট পেয়েছে তাদের ওপরে থাকা পিএসজি, ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ এবং পরের অবস্থানে থাকা লিভারপুল। তবে পিএসজি ও রিয়াল একটি ম্যাচ কম খেলেছে।

পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সিইসির সাক্ষাৎ আজ

দেখুন: ওয়াগনার গ্রুপ রাশিয়ার দিকে ধাবিত | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন