পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। আগে ব্যাট করতে নেমে মাত্র ৮৪ রানেই অলআউট হয় স্বাগতিকরা। জবাব দিতে নেমে ১৮ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় সফরকারীরা। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নিলো পাকিস্তান।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেই ১৩ রানের জয় পায় পাকিস্তান। পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে লিড নেয় স্বাগতিকরা। চতুর্থ ম্যাচে জিতে আবার সিরিজে সমতা ফেরায় সফরকারীরা। এমন সমীকরণে পঞ্চম ম্যাচটি ছিল সিরিজ নির্ধারণী।
শুক্রবার (১২ ডিসেম্বর) কক্সবাজারের একাডেমি মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি জুনিয়র টাইগ্রেসদের। উদ্বোধনী জুটিতে মাত্র ১৪ রান যোগ হতেই ফেরেন ওপেনার মায়মুনা নাহার। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে বাংলাদেশের মেয়েরা।
স্কোরবোর্ডে মাত্র ৩১ রান যোগ হতেই ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। এরপর ২২ রানের জুটি গড়েন হাবিবা ইসলাম ও সাদিয়া আক্তার। হাবিবার ব্যাট থেকে আসে মাত্র ৯ রান। সাদিয়া একপ্রান্ত আগলে রেখে রান তোলার চেষ্টা করলেও তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি কেউ। ইনিংসে সর্বোচ্চ ২৭ রান আসে তার ব্যাট থেকে। তার একার লড়াইয়ে শেষ পর্যন্ত ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে বারিরাহ সাইফ নেন ৩ উইকেট। এছাড়া রোজিনা আকরাম শিকার করেন ২ উইকেট।
জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই বাংলাদেশকে উইকেট এনে দেন অতশী মজুমদার। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান পাকিস্তানের অধিনায়ক ইমান নাসেরকে। দ্রুতই দ্বিতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। রানআউটে কাটা পড়েন ৮ বলে ১০ রান করা রাহিমা সাঈদ। এরপর ৩৭ রানের জুটি গড়েন কমল খান ও আকসা হাবিব।
২১ রান করে ফারজানা ইয়াসমিনের শিকার হয়ে সাজঘরে ফেরেন আকসা। ২৫ রান করা কমল খানকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন হাবিবা। কিন্তু শেষ পর্যন্ত জয় পেতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি পাকিস্তানের মেয়েদের। অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফিজা ফায়াজ ও আরিশা আনসারি।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

