১০/০২/২০২৬, ০:২৮ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:২৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামালপুরে কৃষক লীগ থেকে বিএনপিতে দুই নেতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের দুই নেতার বিএনপিতে যোগদানকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দলবদলের এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভেতরেই দেখা দিয়েছে ভিন্নমত ও ক্ষোভ।

বিজ্ঞাপন

বুধবার (১৭ ডিসেম্বর) রাতে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজার হাইস্কুল মোড় এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন মাদারগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাবেক সভাপতি আবুল হোসেন ভিক্কু এবং শহর কৃষক লীগের সদস্য মোশারফ হোসেন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান ও সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু ফুল দিয়ে তাদের বরণ করে নেন।

নতুন এই যোগদান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই স্থানীয় বিএনপির একাংশের নেতা-কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অভিযোগ ওঠে, এর মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের সুযোগ তৈরি করা হচ্ছে। এই অভিযোগের প্রতিবাদে বালিজুড়ী বাজার এলাকায় ছাত্রদলের একাংশ বিক্ষোভ মিছিলও করে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খান বলেন, “আবুল হোসেন ও মোশারফ হোসেন নব্বইয়ের দশক থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তারা আওয়ামী লীগে গেলেও এখন আবার নিজ দলে ফিরে এসেছেন। সেই কারণেই তাদের দলে স্বাগত জানানো হয়েছে।”

তবে ভিন্নমত পোষণ করে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ত্যাগী বিএনপি কর্মী বলেন, “গত দেড় দশকে যারা আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার সুবিধা নিয়েছে এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালিয়েছে, আজ তাদের দলে টেনে আনা হচ্ছে। এটি শহীদ জিয়ার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং দীর্ঘদিন নির্যাতনের শিকার কর্মীদের জন্য চরম অপমানজনক।”

দলবদলের এই ঘটনা মাদারগঞ্জের রাজনীতিতে আদর্শ বনাম কৌশলের বিতর্ককে আবারও সামনে এনে দিয়েছে, যা আগামী দিনে স্থানীয় বিএনপির সাংগঠনিক ঐক্যে কী প্রভাব ফেলবে—তা নিয়েই এখন আলোচনা তুঙ্গে।

পড়ুন- চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

দেখুন- শেষ খেলার জন্য প্রস্তুত ইরান 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন