কুমিল্লায় র্যাব-১১ এর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ সময় অজ্ঞাতনামা আসামিরা কৌশলে পালিয়ে যায়।
র্যাব-১১, সিপিসি-২-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন সংরাইশ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধারকৃত অস্ত্রগুলো একটি ব্যাগের ভেতর পাওয়া যায়।
র্যাব জানায়, সংরাইশ এলাকার ক্যাফে ৩৫০০-এর উত্তর পাশে গোমতী নদীর পাড়ে কয়েকজন দুষ্কৃতকারী সন্ত্রাসী কার্যক্রম ও বিভিন্ন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছিল। র্যাবের উপস্থিতি টের পেয়ে তারা একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ব্যাগটি তল্লাশি করে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১, সিপিসি-২-এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
র্যাব আরও জানায়, হেডকোয়ার্টার্সের নির্দেশনায় অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন- হত্যার হুমকির প্রতিবাদে থানায় ঘেরাও ও বিক্ষোভ; হাতিয়ায় এনসিপি প্রার্থীর পক্ষে উত্তাল জনতা


