26.3 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাকিস্তানকে বিশ্বকাপ বয়কট করতে বললেন সাবেক অধিনায়ক

বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললে পাকিস্তানেরও টুর্নামেন্ট বয়কট করা উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তাঁর মতে, পাকিস্তানও না খেললে টি-টুয়েন্টি বিশ্বকাপ সংকটে পড়বে। বর্তমান ক্রিকেট–ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর এটিই সেরা সময় বলে মনে করেন লতিফ।

নিরাপত্তাশঙ্কায় ভারতে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচিতে থাকা ভারতের ভেন্যুর ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল বাংলাদেশ।

তবে আইসিসি বলেছে, ভারতেই খেলতে হবে। আজ বাংলাদেশ সরকার ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে বলেছে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আইসিসি সুবিচার করেনি, ভারত সরকারও আশ্বস্ত করার মতো কিছু করেনি।

বাংলাদেশের দিক থেকে ভারতে না খেলার চূড়ান্ত সিদ্ধান্তের কিছুক্ষণ পর ‘কট বিহাইন্ড’ নামের একটি ইউটিউব শোতে কথা বলেন লতিফ। ১৯৯২ থেকে ২০০৩ সাল সময়ে পাকিস্তানের হয়ে এই ক্রিকেটার বলেন, ‘পাকিস্তানের এ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করে, তবে এই বিশ্বকাপ বড় বিপদে পড়বে। আমি এটা আগেও বলেছি, বাংলাদেশ যখন একবার কোনো কিছু করার সিদ্ধান্ত নেয়, তখন তারা সেটা করেই ছাড়ে। তারা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জন্য ভারত নিরাপদ দেশ নয়; আইসিসি, বিজেপি বা বিসিসিআই যা-ই বলুক না কেন।’

এ সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন লতিফ, ‘এখন পাকিস্তানের কিছু করার সময়। এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। পাকিস্তান যদি এখন না খেলে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করে, তাহলে এই বিশ্বকাপ শেষ।’

সঞ্চালকের ভূমিকায় থাকা সাংবাদিক নোমান নিয়াজ পাকিস্তানের বিশ্বকাপ বয়কটে আর্থিক ক্ষতির প্রসঙ্গ টানেন। তখন রশিদ লতিফ বলেছেন, ‘যখন আপনি বড় কোনো সিদ্ধান্ত নেন, তখন আইসিসির অনুদানের চিন্তা ছেড়ে দিতে হয়। বাংলাদেশ এটা করে দেখিয়েছে। ২১ বছর নিষিদ্ধ থাকার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট শেষ হয়ে যায়নি।’

এর আগে ‘কট বিহাইন্ডের’ গতকালের শোতে লতিফ বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের আয় ৫০ ভাগ কমে যাবে। বর্তমান ক্রিকেট–ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার এটিই সেরা সময়। পাকিস্তানের এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করা উচিত।’

ইউটিউব শোর বাইরে এক্সেও সরব রশিদ লতিফ। আজ বিকেলে এক্সে একটি পোস্টে সাবেক এই উইকেটকিপার লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতকে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য নিরাপদ দেশ নয় বলে উল্লেখ করে ভারতে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। সীমিত শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ তার ঐতিহ্য বজায় রেখে আইসিসিকে চ্যালেঞ্জ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড কি একই ধরনের অবস্থান নেওয়ার সক্ষমতা রাখে?’

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম, ভারতে না খেললে বিকল্প দল নেবে আইসিসি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন