পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের রাজধানী কোয়েটাসহ বিভিন্ন জেলায় ৪০ ঘণ্টা অভিযান চালিয়ে ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
গত ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা, গাওদার, মাসতাং এবং নোশকি জেলার নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট বিভ্রিন্ন স্থাপনায় বন্দুক ও বোমা হামলার ঘটনা ঘটে। এতে ৪৮ জন নিহত হন। বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, নিহত ৪৮ জনের মধ্যে ১৭ জন আইনপ্রয়োগকারী বাহিনীর কর্মকর্তা-কর্মী এবং ৩১ জন বেসামরিক ছিলেন।
পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী তালাল চৌধুরী শনিবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছেন, ‘বন্দুক হামলার সময় হামলাকারীদের সবাই সাধারণ বেসামরিক পোশাক পরিহিত ছিল। এই ছদ্মবেশেই তারা জনসমাগমপূর্ণ স্থানগুলোতে মিশে গিয়েছিল।’
পাকিস্তানের কেন্দ্রীয় সরকার কর্তৃক নিষিদ্ধ বেলুচ স্বাধীনতাকামী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) ৩০ জানুয়ারি বন্দুক হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে গোষ্ঠীটির পক্ষ থেকে বলা হয়েছে, ২৯ জানুয়ারি বৃহস্পতিবার পাকিস্তানের সেনা-পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ‘অপরেশন ব্ল্যাক স্টর্ম’ পরিচালনা করেছে বিএলএ-এর যোদ্ধারা।
পড়ুন: বৃহত্তর চট্টগ্রামে আজ জামায়াতে আমিরের জনসভা
আর/


