দেশের বাজারে টানা তিন দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ভরিপ্রতি এক লাফে ৫ হাজার ৪২৪ টাকা দাম কমানো হয়েছে। এতে টানা ৩ দফায় দেশের বাজারে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ১৩ হাজার ৯৩৯ টাকা।
এর আগে সোমবার সকালেও দেশের বাজারে স্বর্ণের দাম কমায় বাজুস। ওই সময় এক লাফে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
তারও আগে রোববার (১ ফেব্রুয়ারি) রাতেও দেশের বাজারে কমেছিল স্বর্ণের দাম। ওইদিন ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৫ হাজার ৭৬০। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা।
সবমিলিয়ে চলতি বছর দেশের বাজারে এ পর্যন্ত মোট ২২ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। এরমধ্যে ১৪ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৮ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।
এদিকে সোমবার বিকেলে স্বর্ণের সঙ্গে রুপার দামও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ৯৩৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।
এছাড়াও নতুন দাম অনুযায়ী ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৩ হাজার ৯০৭ টাকা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

