নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ধনু নদীর পাড় দখল করে গড়ে তোলা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে গাগলাজুর বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত জমিটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অধিগ্রহণকৃত জায়গা।
সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদেরের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি বড় ভ্যাকু মেশিন (এক্সেভেটর) ব্যবহার করে অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধনু নদীর পাড় দখল করে নির্মিত এই ঘরটিতে দীর্ঘদিন ধরে: বেপরোয়া মাদক ব্যবসা ও মাদক সেবনের আসর বসত, পতিতাবৃত্তিসহ নানা অসামাজিক কার্যক্রম পরিচালিত হতো।
এই অবৈধ আস্তানার কারণে গাগলাজুর বাজার ও আশপাশের এলাকায় অপরাধ প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছিল।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের সাংবাদিকদের বলেন, ”সরকারি জমি দখল করে নদীর পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না। এই স্থাপনাটি ঘিরে সমাজবিরোধী কার্যক্রমের অভিযোগ ছিল। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”
উচ্ছেদ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন গাগলাজুর এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, এই আস্তানাটি উচ্ছেদ হওয়ায় অপরাধী ও মাদকসেবীদের আনাগোনা কমবে। এলাকাটি এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পড়ুন : নেত্রকোনার দুর্গাপুরে সরকারি দপ্তরে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ


