খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বিএনপি কোনো বিশেষ গোষ্ঠীর নয়—এটি জনগণের দল। অতীতে যেমন জনগণের পাশে ছিল, এখনো আছে এবং আগামীতেও থাকবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে খুলনা নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক নির্বাচনি গণসংযোগ ও লিফলেট বিতরণে অংশ নেন তিনি। সকাল ১০টার দিকে সোনাডাঙ্গা ১৮ নম্বর ওয়ার্ডের নাসির সড়ক, সোনার বাংলা সড়ক, বৌবাজার ও নবীনগর এলাকায় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সকাল সাড়ে ১১টায় শঙ্খ মার্কেট এলাকায় গণসংযোগ চালান।
গণসংযোগকালে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনা-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৩১ হাজার ২৭৯ জন। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা পুরুষের চেয়ে বেশি। তিনি বলেন, “নারী সমাজকে অবহেলা করে কখনো টেকসই উন্নয়ন বা দেশ পুনর্গঠন সম্ভব নয়।”
তিনি আরও বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়ে ওঠা একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে এই দল একাধিকবার সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। স্বনির্ভর বাংলাদেশ গড়ার বাস্তব অভিজ্ঞতা বিএনপির রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
দুপুর ১২টায় বাংলাদেশ ফ্রোজেন ফুডস অ্যাসোসিয়েশন, খুলনা অঞ্চলের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি মতবিনিময় সভা ও মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নজরুল ইসলাম মঞ্জু। কামরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন তরিকুল ইসলাম জহির।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা চাই খুলনার হারানো শিল্প-সম্ভাবনা আবার জেগে উঠুক। বন্ধ কলকারখানাগুলো চালু হোক, শ্রমিকেরা ফিরে পাক তাদের কাজ ও সম্মান। তরুণ প্রজন্ম খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে গড়ে উঠুক সুস্থ ও মানবিক সমাজে।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নির্যাতনহীন খুলনা গড়াই বিএনপির লক্ষ্য।
গণসংযোগ ও সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ভোটারদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

