চেন্নাইয়ের ২২ গজে ১৮২ রানের বিশাল পুঁজি গড়েও শেষরক্ষা হলো না আফগানিস্তানের। টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫ উইকেটের জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করল নিউজিল্যান্ড।
এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। গুলবাদিন নাইবের ঝোড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় তারা। তবে রান তাড়ায় শুরুতে হোঁচট খেলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় কিউইরা।
ব্যাটিংয়ে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি আফগানিস্তানের। ইব্রাহিম জাদরান (১০) ও রহমানউল্লাহ গুরবাজ (২৭) দ্রুত ফিরলে চাপে পড়ে তারা। তবে তিনে নামা গুলবাদিন নাইব পাল্টা আক্রমণে ম্যাচের চিত্র বদলে দেন। সেদিকুল্লাহ আতালকে (২৯) সঙ্গে নিয়ে গড়েন ৭৯ রানের জুটি। গুলবাদিন মাত্র ৩৫ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৬৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। শেষ দিকে দারউইশ রসুলি (২০) ও মোহাম্মদ নবির অপরাজিত ১০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৮২ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় আফগানিস্তান।
১৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই বড় ধাক্কা খায় নিউজিল্যান্ড। আফগান বোলারদের তোপে রানের খাতা খোলার আগেই ফেরেন রাচিন রবীন্দ্র, আর ফিন অ্যালেন আউট হন মাত্র ১ রানে। তবে সেই চাপ বেশিক্ষণ স্থায়ী হতে দেননি টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপস। তৃতীয় উইকেটে পাল্টা আক্রমণ শুরু করেন তারা। ফিলিপস মাত্র ২৫ বলে ৪২ রানের ক্যামিও খেলে আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন সাইফার্ট। ৪২ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। মার্ক চ্যাপম্যানের ব্যাট থেকে আসে ২৮ রান। শেষ দিকে ড্যারিল মিচেল (২৫*) ও মিচেল স্যান্টনার (১৭*) অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
পড়ুন:মার্কিন যুদ্ধজাহাজ আমাদের ভীত করে না, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাদ দেব না’
দেখুন:সরকারিভাবে মালয়েশিয়া গেলেন ৩০ কর্মী, চাহিদা দশ হাজার
ইম/


