ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মাদারীপুরে দুই প্রার্থীকে শোকজ।রোববার (৮ ফেব্রুয়ারি) কমিটির পক্ষ থেকে পৃথকভাবে এ শোকজ নোটিশ জারি করেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
এদিকে আগামী ১০ ফেব্রুয়ারি দুই প্রার্থীকে সশরীরে কমিটির সামনে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।
শোকজপ্রাপ্ত প্রার্থীরা হলেন,বিএনপির প্রার্থী জাহান্দার আলী জাহান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্যকে (কলস)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিবাজার এলাকায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্য মাদারীপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ৮ ফেব্রুয়ারি কমিটির চেয়ারম্যান সিভিল জজ আরিফ হোসাইনের স্বাক্ষরে শোকজ নোটিশ ইস্যু করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(ক) অনুযায়ী প্রচারণায় সব প্রার্থী সমান অধিকার ভোগ করবেন এবং প্রতিপক্ষের জনসভা, শোভাযাত্রা বা প্রচারণায় বাধা প্রদান কিংবা ভীতিসঞ্চারমূলক কার্যক্রম চালানো যাবে না। অভিযোগে বলা হয়েছে, বিএনপি প্রার্থী জাহান্দার আলী জাহানের সমর্থকরা বলপ্রয়োগ করে স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্যের নির্বাচনি প্রচারণায় বাধা দিয়েছেন। এ কারণে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না—সে বিষয়ে জবাব দিতে বলা হয়েছে।
অন্যদিকে, আচরণবিধি লঙ্ঘন করে মোটর শোডাউন করার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মিলটন বৈদ্যকেও শোকজ করা হয়েছে। নোটিশে বলা হয়, আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৯(ক) অনুযায়ী নির্বাচনি প্রচারণায় বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল বা অন্য কোনো যান্ত্রিক বাহন নিয়ে মিছিল বা শোডাউন করা নিষিদ্ধ। অভিযোগে বলা হয়েছে, এ বিধি অমান্য করে শোডাউন করায় তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না—সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া হবে বলে জানা গেছে।
পড়ুন- অসুস্থ আমির হামজাকে হাসপাতালে দেখতে গেলেন বিএনপি প্রার্থী


