পুরান ঢাকার কলতাবাজারের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (০৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কলতাবাজার ওয়াসা পানির পাম্প এলাকার একটি মেস থেকে তারর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম রাকিবা সুলতানা। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়।
তার পাশের এক রুমমেট বলেন, সারাদিন তার রুমের দরজা বন্ধ ছিল। রাত নয়টায় দিকে তার এক বান্ধবী আসে। তখন আমরা দরজা ধাক্কা দিই।
প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো ধাক্কা দেওয়ার পরেও দরজা না খুললে বাড়িওয়ালাকে ফোন দিই। পরে নিচ থেকে একটি ছেলে এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।
নিহত শিক্ষার্থীর ভাই নাঈম হোসেন জানান, রাকিবার সঙ্গে গতকাল রাতে সর্বশেষ কথা হয়েছিল। সে তখন মেসে সম্পূর্ণ একা ছিল।
সে তার মাকে জানায় তার শরীর ভালো না।পরে কথা বলবে। এরপর আর বাড়ির কারো সঙ্গে যোগাযোগ হয়নি।পরে তার মা বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলে, তার বান্ধবীদের জানায়। তখন তার বান্ধবীরা মেসে যায় এবং দরজা ভিতর থেকে বন্ধ পেলে তারা সাহায্য নিয়ে দরজা ভেঙে ফেলে। এরপর রুম থেকে রাকিবাকে উদ্ধার করা হয়।
কোতোয়ালি থানার ওসি নাজমুল হক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই।আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলতে চাচ্ছি না।পোস্টমর্টেমের পর অন্য কোনো কারণ থাকলে জানা যাবে। এখন ঢালাওভাবে কিছু বলতে চাচ্ছি না।
সহকারী প্রক্টর ফেরদৌস হাসান বলেন, লাশ মিডফোর্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পরবর্তী প্রক্রিয়া শেষে আমরা বিস্তারিত জানতে পারব।
পড়ুন:স্কটিশ পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবেন বাংলাদেশী আবু মিরন
দেখুন: লুকিয়ে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে চাই: নাহিদ
ইম/


