আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে শিল্পাঞ্চল আশুলিয়ার সব পোশাক কারখানায় আগামীকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। শেষ কর্মদিবসে এই ছুটির প্রভাবে সাভারের বিভিন্ন মহাসড়কে ঘরমুখো মানুষের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে। পাশাপাশি ঢাকার সবগুলো বাসস্ট্যান্ড, ট্রেন স্টেশনে মানুষের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে।
এর ফলে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের একাধিক পয়েন্টে যানজট ও অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে সাভারের হেমায়েতপুর, আশুলিয়ার বিশমাইল, নবীনগর, বাইপাইল, শ্রীপুর ও জিরানীসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়।
সাভার ট্র্যাফিক বিভাগের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামীকাল থেকে সব শিল্পকারখানা বন্ধ থাকায় শ্রমিকরা ভোট দিতে শিল্পাঞ্চলের ভাড়া বাসা ছেড়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এ কারণেই সড়ক ও মহাসড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
ব্যস্ততম এলাকা বাইপাইল বাসস্ট্যান্ডে সরেজমিনে দেখা যায়, শত শত যাত্রী কাঙ্ক্ষিত যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। যে কটি যাত্রীবাহী বাস পাওয়া যাচ্ছে, সেগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মোবারক হোসেন, আলমাস ও মাহিসসহ একাধিক যাত্রী বলেন, নির্বাচনের ভোট দিতে যাচ্ছি। এখন দেখছি ২০ টাকার ভাড়া ১০০ টাকা হাতিয়ে নিচ্ছে পরিবহন স্টাফরা। প্রশাসনের ভূমিকা নীরব। ঈদ এলে যেমন যাত্রীদের জিম্মি করে টাকা আদায় করেন পরিবহন শ্রমিকরা। আজও তেমনটিই করছে।
আরেক যাত্রী মনোয়ার হোসেন বলেন, সরকারের উচিত ছিল ভোট দিতে যাওয়া যাত্রীদের ভোগান্তি কমাতে নানা পদক্ষেপ নেওয়া। কোনো পদক্ষেপ তো নেনই নাই, এখন উল্টো গলাকাটা ভাড়া নিচ্ছে। আজব দেশে আছি।
এ প্রসঙ্গে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাজাহান জানান, মহাসড়ক গুলোতে চাপ বেশি থাকায় হাইওয়ে পুলিশ, থানা পুলিশ মাঠে কাজ করছে। যাত্রীদের নির্বিঘ্নে পৌঁছে দেওয়ার জন্য সকল চেষ্টাই করা হচ্ছে।
পড়ুন : জেন-জি প্রভাবিত বিশ্বের প্রথম নির্বাচন হচ্ছে বাংলাদেশে : রয়টার্স


