ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে খুলনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পাশাপাশি জেলা প্রশাসন নিয়েছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে জেলার সব ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা মহড়া দেয়। বিকেলে শিববাড়ি মোড়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সকাল থেকেই নগরীর অনেক দোকানপাট বন্ধ দেখা যায়। সড়কে যানবাহন ও সাধারণ মানুষের উপস্থিতিও ছিল তুলনামূলক কম।
খুলনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার জানান, খুলনার ছয়টি সংসদীয় আসনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, আনসার ও ভিডিপিসহ মোট ১৮ হাজার ৬২৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন। প্রতিটি কেন্দ্রে ২০ মিনিট অন্তর টহল দল পরিদর্শন করবে। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রশাসনের এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থায় ভোটারদের মধ্যে স্বস্তি ফিরবে বলে সংশ্লিষ্টদের।
পড়ুন : খুলনায় ১২ টহল দল মোতায়েন, সহিংসতায় ‘তাৎক্ষণিক ব্যবস্থা’ নেবে র্যাব-৬


