বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন ও অস্থিরতার পর এই নির্বাচনের প্রাক্কালে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। প্রতিবেশী এই দেশটির সঙ্গে সম্পর্ককে ‘অগ্রাধিকার’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে সবাই সমান নাগরিক— সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ বলে কোনও ভেদাভেদ তারা মানেন না।
ভারতীয় এই সংবাদমাধ্যম বলছে, বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ বলে উল্লেখ করেছেন ডা. শফিকুর রহমান। সাক্ষাৎকারে ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। এটি আমাদের অগ্রাধিকার।’
সংখ্যালঘুদের ওপর ‘সহিংসতা’ প্রসঙ্গে জামায়াতে ইসলামীর এই আমির বলেন, ‘আমরা এ দেশের প্রথম শ্রেণির নাগরিক। আমরা কখনোই সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ মানি না। এটা শুধু বিশ্বাসের ভিত্তিতে বলা হয়। আমরা তা স্বীকার করি না।’
ভারত সফর নিয়ে কোনও দ্বিধা আছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার কোনও আপত্তি বা সংকোচ নেই। নির্বাচন শেষে পরিস্থিতি স্পষ্ট হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
শেখ হাসিনার ১৫ বছরের শাসনব্যবস্থা দেশব্যাপী আন্দোলনের মুখে পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার ১৮ মাস পর বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ইসলামি ধারার রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী এবারের নির্বাচনের অন্যতম প্রধান শক্তি। মূল লড়াই হচ্ছে তাদের সঙ্গে সাবেক মিত্র দল বিএনপির। জাতীয় নাগরিক পার্টিসহ কয়েকটি দলকে নিয়ে জোটের নেতৃত্ব দিচ্ছে জামায়াত।
এদিকে নির্বাচনকে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রক্রিয়া ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পড়ুন:এশিয়ায় ‘রক্ষণশীলদের’ জয়, সংস্কার নাকি স্থিতিশীলতা কী চাইছেন ভোটার
দেখুন:নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার
ইম/


