চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের নির্বাচনি কার্যক্রম চলাকালে বিএনপির অভিযোগের ভিত্তিতে জামায়াত প্রার্থীর সমর্থক সন্দেহে এক প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে সরানো হয়।
প্রত্যাহার হওয়া কর্মকর্তা রায়হান উদ্দীন ছিলেন কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা। তার স্থলে নতুন প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক ফারুক হোসেনকে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে রায়হান উদ্দীনের বিরুদ্ধে কেন্দ্রের কার্যক্রমে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ওঠে। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তার নজরে আসার পর তাৎক্ষণিকভাবে তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার পান্না আক্তার বলেন, ‘নির্বাচন কমিশনে পাওয়া অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। নতুন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে কেন্দ্রে নির্বাচন কার্যক্রম স্বাভাবিক রাখা হয়েছে।
পড়ুন-মাদারীপুরে রেজাল্ট শীটে অগ্রিম স্বাক্ষর, প্রিজাইডিং অফিসারের ‘ভুল’ স্বীকার


