যে প্রার্থী পোলিং এজেন্ট দিতে পারে না, সে এত ভোট কোথায় থেকে পায়— সে প্রশ্ন তুলেছেন বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুম। আসনটিতে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে ইঙ্গিত করে তিনি এ কথা বললেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলে ঢাকা-১১ আসনে এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দিতা হয়ে দেখা গেছে। নাহিদের কাছে অল্প ভোটে হেরেছেন কাইয়ুম।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে তার নির্বাচনী কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন এম এ কাইয়ুম।
এ সময় তিনি দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। নির্বাচনে বড় কারচুপি ও ইঞ্জিনিয়ারিং হয়েছে। পোস্টাল ভোটের মাধ্যমে তাকে হারানো হয়েছে। বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে সরকার তার গ্রহণযোগ্যতা নষ্ট করেছে।
এম এ কাইয়ুম জানান, তিনি এই আসনে পুনরায় ভোট গণনা করতে নির্বাচন কমিশনে আবেদন করেছেন। কোনো সুরাহা না হলে আইনি ব্যবস্থা নেবেন।
প্রতিপক্ষের দিকে আঙ্গুল তুলে বিএনপির এ নেতা অভিযোগ করেন, জুলাইযোদ্ধার নাম দিয়ে মানুষের মনে বিভ্রান্তি ছড়িয়েছে। বিভিন্ন জায়গায় তার সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে।
সংসদ সদস্য বা মন্ত্রী না হলেও তার দল বিএনপি ক্ষমতায় যাচ্ছে, তাই তিনি তার প্রতিশ্রুতি রাখবেন বলে মন্তব্য করেন। নিজের নির্বাচনী এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার প্রত্যায় ব্যক্ত করেন।
পড়ুন : ভোট কারচুপির অভিযোগ, ফলাফল স্থগিতের দাবি সানজিদা তুলির


