ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় নির্বাচন-পরবর্তী উত্তেজনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল নেতাসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বালিপাড়া গ্রামের বাসিন্দা ৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী ইউনুস খা, তার মা সুফিয়া বেগম এবং দুই ভাগ্নী শামীমা ও মরিয়ম। স্থানীয়রা তাদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতাল-এ ভর্তি করেন।
অভিযোগে জানা গেছে, একই এলাকার জামায়াতের কয়েকজন কর্মী জুয়েল খা, রাসেল খা, সোহেল খা ও রফিকুল ইসলামএই হামলার সঙ্গে জড়িত।
আহত ইউনুস খার ভাগ্নী শামীমা সাংবাদিকদের জানান, নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে অভিযুক্তরা তাদের দোকানের সামনে গালাগাল শুরু করে এবং হুমকি দেয়। পরে ইউনুস খা ঘটনাস্থলে পৌঁছালে তাকে সাইকেল থেকে নামার আগেই লাঠি ও ইট দিয়ে মারধর করা হয়। বাধা দিতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। তাদের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা হোক।
এ বিষয়ে পিরোজপুর জেলা হাসপাতাল-এর মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম জানান, ইউনুস খাকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। জ্ঞান ফেরার পর তার শারীরিক অবস্থা বিস্তারিতভাবে মূল্যায়ন করা হবে।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হাওলাদার বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
পড়ুন : পিরোজপুরে ডিবি পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার


