ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় ফুল নিয়ে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে আলমগীর হোসেনের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মাসুদ সাঈদী। এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের মাধ্যমে এক সৌহার্দ্যপূর্ণ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিজয় লাভের পরপরই মাসুদ সাঈদী ঘোষণা দেন, দল-মত নির্বিশেষে তিনি পিরোজপুরের মানুষের জন্য কাজ করবেন। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা।’
সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, আমরা মিলেমিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলব। আমাদের মধ্যে দলীয় বিভাজন নয়, থাকবে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পিরোজপুর সদর উপজেলার আমির মাওলানা সিদ্দিকুর রহমান ও জেলা টিম সদস্য রাকিবুল হোসেন। এ ছাড়া বিএনপির বেশকিছু নেতাকর্মীও এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চন্ডিপুর বাজারে আয়োজিত এক সমাবেশে মাসুদ সাঈদী দলের নেতাকর্মীদের উদ্দেশে কঠোরভাবে নির্দেশ দেন, বিএনপিসহ কোনো দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের সহিংস বা উসকানিমূলক আচরণ না করা হয়। এরপর তিনি বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের খোঁজখবর নেন।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর হোসেন ধানের শীষ প্রতীকে ১ লাখ ৭ হাজার ১০৫ ভোট পান।
পড়ুন: জামায়াত আমিরকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা
আর/


