সৌদি আরবের আবহা শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ মোট ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য, যিনি বর্তমানে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন—লক্ষ্মীপুরের বাসিন্দা মোহনা (১৩), দেড় বছর বয়সী শিশু সুবাহ, তাদের মা মেহের আফরোজ সুমী (৩০), বাবা মিজানুর রহমান (৪২) এবং বাবর (৩০)। আহত ফাইজা আক্তার (১১) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
পরিবার সূত্রে জানা যায়, রবিবার (১৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৩টার দিকে (বাংলাদেশ সময় রাত ১১টা) আবহা শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিজানুর রহমানের ভাই ব্যবসায়ী বাহারুল আলম জানান, তার ছোট ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরবে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। ওমরাহ পালন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের মামাতো ভাই রিফাতুল ইসলাম বলেন, পার্শ্ববর্তী গ্রামের সৌদি প্রবাসী পারভেজ ভূঁইয়ার মাধ্যমে তারা প্রথম এ দুর্ঘটনার খবর নিশ্চিত হন।
এদিকে, রামগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তারা জেনেছেন এবং নিহতদের মরদেহ দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকায় চলছে শোকের মাতম।
পড়ুন: ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ


