রাজধানীর কারওয়ান বাজারে একটি কাঠের দোকানসহ কয়েকটি স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে ১১টার দিকে প্রথমে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। সব মিলিয়ে ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কারওয়ান বাজার কাঠপট্টিতে ১টি পাঁচ তলা ভবনের (L আকৃতির) বিভিন্ন ফ্লোরে (৩য়, ৪র্থ ও ৫ম কোন কোন অংশে) আগুন লেগেছে।
ভবনের কর্মকর্তা ও কর্মচারীদের ভাষ্যমতে- ২য় থেকে ৫ তলায় হাগিজ ডায়াপার-এর গোডাউন রয়েছে। আশপাশে কাঠের গোডাউন রয়েছে।
তিনি আরও বলেন, রাজধানীর আগামাসি লেনেও রাত ১০টা ৪৫ মিনিটে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ৭তলা ভবনের ৪ তলায় এই আগুন লাগে। ঘটনাস্থলে আমাদের ৩ টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো সংবাদও আমাদের কাছে আসেনি।
পড়ুন : মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭ বাড়ি প্রস্তুত: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা


