গত বছরের অক্টোবরে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। ক্রিকেট বোর্ডের সেই নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে ১৬ ক্লাবের কাউন্সিলররা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে বর্তমান কমিটির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল ঢাকার ৪৫টি ক্লাব। যার সুরাহা এখনও করতে পারেনি বিসিবি।
এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বিসিবির নির্বাচন ও বর্তমান কমিটির বৈধতা নিয়ে আগে থেকেই সমালোচনা করে আসছিলেন দেশের এই কিংবদন্তি গোলরক্ষক। প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পরপরই তিনি বিসিবির গত নির্বাচনকে ‘প্রশ্নবিদ্ধ’ বলে আখ্যা দিলেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন আমিনুল। শপথ গ্রহণ শেষে সন্ধ্যায় মিরপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সংবাদ সম্মেলনে দেশের ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেট বোর্ডের বর্তমান পরিস্থিতি ও টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়া নিয়ে নিজের অবস্থান ব্যক্ত করেন তিনি।
বিসিবি নির্বাচন নিয়ে প্রশ্নে আমিনুল বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বিষয়গুলো যেহেতু আইসিসির নিয়মের অধীন, তাদের বিধি-বিধান অনুসারে আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব, কীভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি। তাদের সঙ্গে বসা এবং পর্যালোচনার পর এ বিষয়ে মন্তব্য করতে পারব।’
পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা
আর/


