সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গসি ইউনিয়নে গ্রাম পাঙ্গাসি বাজারের পাসে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ৪ বছরের শিশু রয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে হামলা চালায় মহাদেব রাজবংশীর তিন ছেলে—জয়দেব রাজবংশী (৪৬), সুদেব রাজবংশী (৪২), উজ্জ্বল রাজবংশী (৪০), তার নাতি গৌরাঙ্গ রাজবংশী (২৩), গৌরব রাজবংশী (১৮) এবং সহাদেব রাজবংশীর ছেলে দুলাল রাজবংশী (৩৭)।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের জেরে হুমকি দিয়ে আসছিল। ঘটনার দিন তারা রতন রাজবংশীকে আটক করে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। এ সময় তার সঙ্গে থাকা ৪ বছরের শিশুপুত্রকেও রেহাই দেওয়া হয়নি। শিশুটির কাঁধের হাড় ভেঙে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া রতন রাজবংশীর মাকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল-এ ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরিবারের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, অভিযুক্তদের মধ্যে উজ্জ্বল রাজবংশী স্থানীয় সয়দাবাদ কৃষি অফিসে কর্মরত একজন সরকারি কর্মকর্তা এবং সুদেব রাজবংশী শেরপুর খাদ্য গুদামে ৪র্থ শ্রেণির কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা প্রভাব খাটিয়ে বিষয়টি আপস-মীমাংসার জন্য চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ রয়েছে।
বিবাদীপক্ষের বক্তব্য:
এ বিষয়ে অভিযুক্ত উজ্জ্বল রাজবংশী বলেন, “ঘটনাটি নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে এবং আমরা বিষয়টি মীমাংসা করে নিয়েছি।”
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
পড়ুন- দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, নোবিপ্রবি ভিসির পদত্যাগ দাবিতে আল্টিমেটাম


