রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী বড় বাজার ও মাধবদী বাজার পরিদর্শন করেছেন নরসিংদী সদর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর তিনি বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন।
এ সময় ফল, মাংস, সবজি, গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে দেখেন তিনি। উপস্থিত ছিলেন নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
সংসদ সদস্য খায়রুল কবির খোকন ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, রমজান মাসে মধ্য ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনায় রেখে পণ্যের দাম সহনীয় রাখতে হবে। কেউ অতিরিক্ত দামে পণ্য বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “মানুষ যেন অন্তত রমজান মাসে স্বস্তিতে বাজার করতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে হবে।”
বাজারে যানজট ও টোল আদায়ের বিষয়ে অভিযোগের কথাও তুলে ধরেন তিনি। অবৈধভাবে টোল আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্টদের। পাশাপাশি যানজট নিরসনে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে বলেন।
এ সময় তিনি নরসিংদীকে মাদকমুক্ত করতে ‘জিরো টলারেন্স’ নীতির কথাও পুনর্ব্যক্ত করেন। সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
স্থানীয় কয়েকজন ক্রেতা বলেন, রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার তদারকি জরুরি। ব্যবসায়ীরাও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আশ্বাস দেন।


