বাঙালির আত্মজাগরণ, স্বাধিকারের স্বপ্নবপন এবং শোষণের বিরুদ্ধে সম্মিলিত উচ্চারণের প্রতীক- ঐতিহাসিক এই চেতনাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬’ পালিত হয়েছে।
একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গণে স্থাপিত প্রতীকী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিমের পক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এই পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা-আন্দোলনের বীর শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বাংলা, ইংরেজি, অর্থনীতি, সিএসই, ইইই এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পক্ষ থেকে পৃথকভাবে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী দুটি হল এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকেও বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান একুশকে কেন্দ্র করে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়। ভাষা-আন্দোলন- যা কেবল রাষ্ট্রভাষার দাবি ছিল না, বরং অর্থনৈতিক মুক্তি ও গণঅধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল- সেই তাৎপর্য উঠে আসে শিক্ষার্থীদের পরিবেশনায়। এই আয়োজন পুরো পরিবেশকে অত্যন্ত আবেগঘন ও অনুপ্রেরণামূলক করে তোলে।
সকাল ৮টায় অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।
এদিকে, ভাষা-আন্দোলন এবং একুশে নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম এবং ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন ঢাকায় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

