শীত বিদায় নিয়ে ফাল্গুনের হাওয়ায় নতুন রূপে সাজছে প্রকৃতি। সেই সঙ্গে বেড়েছে তাপমাত্রার পারদ। এ অবস্থায় রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকাসহ এর আশপাশের এলাকার আবহাওয়া খানিকটা শুষ্ক থাকতে পারে। তবে তাপমাত্রা বাড়ার কোনো পূর্বাভাস নেই।
গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। সেখানে বলা হয়েছে, ঢাকা এবং এর আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিকভাবে মেঘলা থাকতে পারে।
তবে আবহাওয়া অধিদপ্তরের সামগ্রিক পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল শনিবার বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থান করছিল। এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামীকাল সোমবার রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
পড়ুন: আত্মঘাতী হামলার জেরে আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা
আর/


