ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে ভারতীয় মসলাসহ অন্যান্য পণ্যের বাড়তি চাহিদাকে পুঁজি করে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারিরা। এরই ধারাবাহিকতায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ৩৬০ কেজি অবৈধ ভারতীয় জিরা জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তন্ময় আহমেদ (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার তন্ময় আহমেদ ভবানীপুর গ্রামের আব্দুর রাশিদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ভবানীপুর এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় ওই ঘর থেকে ১২টি বস্তায় মজুত করে রাখা অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরাগুলোর বস্তার গায়ে ‘’VP WORLD NO.1 JEERA’ লেখা রয়েছে, যা ছবিতেও স্পষ্ট। প্রতিটি বস্তায় ৩০ কেজি করে মোট ৩৬০ কেজি জিরা জব্দ করা হয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, “উদ্ধার করা জিরাগুলো বর্তমানে থানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।” তিনি আরও জানান, চোরাচালান চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে, তা গভীরভাবে খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্র মতে, ঈদকে কেন্দ্র করে বাজারে দেশীয় পণ্যের তুলনায় কম দামের কারণে ভারতীয় কসমেটিকস, জিরাসহ বিভিন্ন মসলা ও অন্যান্য ভোগ্যপণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ বেড়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে একটি চক্র অবৈধভাবে সীমান্ত পথে এসব পণ্য দেশে আনছে। অবৈধভাবে আমদানি করা এসব পণ্য বাজারে প্রবেশ করায় দেশীয় ও স্থানীয় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তবর্তী এই এলাকায় ভারতীয় চোরাচালান পণ্য রোধে তাদের গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:ভিভো ওয়াই৩১ডির অ্যান্থেমে ঝড় তুলবেন জেফার–মুজা
দেখুন:ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে মার্কিন তরুনী সামান্থা |
ইমি/


