মেক্সিকোর সবচেয়ে ক্ষমতাধর মাদকসম্রাট নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস নিহত হওয়ার একদিন পরও দেশটির নিরাপত্তা বাহিনী ও কার্টেল সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষ অব্যাহত রয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) দেশটির সেনাবাহিনীর অভিযানে ‘এল মেনচো’ নামে পরিচিত এই শীর্ষ অপরাধী নিহত হওয়ার পর সোমবার পর্যন্ত দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে। সহিংসতায় এ পর্যন্ত ২৫ সেনাসহ ৭৩ জন নিহত হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যাচ্ছে।
যে শহরে এই অভিযান চালানো হয়, সেই জালিস্কো অঙ্গরাজ্যের পর্যটন শহর তাপালপায় দেখা যায় ভিন্ন চিত্র। সহিংসতার কারণে স্কুল বন্ধ থাকলেও শিশুরা পাথরের রাস্তা ধরে খেলছিল, পর্যটন দোকান খোলা ছিল। আবার একই সময়ে গুলির শব্দ শোনা যাচ্ছিল, শহরের বাইরে গুলিবিদ্ধ একটি জিপের পাশে পড়ে ছিল এক ব্যক্তির মরদেহ।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কার্টেল সদস্যরা এখনও সড়ক অবরোধ করে রেখেছে। শহরের উপকণ্ঠে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে। জালিস্কো রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। পরিস্থিতি সামাল দিতে সেনা মোতায়েন করেছে দেশটি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, এল মেনচোকে ধরার চেষ্টা ও পরবর্তী সহিংসতায় এখন পর্যন্ত ৭০ জনের বেশি নিহত হয়েছে। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য, সন্দেহভাজন কার্টেল সদস্য এবং অন্যান্য লোকজন রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এল মেনচো ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেলের শীর্ষ নেতা, যা মেক্সিকোর দ্রুত বর্ধনশীল ও সবচেয়ে ভয়ংকর অপরাধচক্রগুলোর একটি। এই কার্টেল যুক্তরাষ্ট্রে ফেন্টানিল, মেথামফেটামিন ও কোকেন পাচারের জন্য কুখ্যাত এবং মেক্সিকান সরকারি কর্মকর্তাদের ওপর দুঃসাহসিক হামলার জন্য পরিচিত। কুখ্যাত এই শীর্ষ মাদকসম্রাটের মৃত্যুর পর দেশজুড়ে সহিংস প্রতিক্রিয়া দেখায় কার্টেল। ২০টি অঙ্গরাজ্যে ২৫০টির বেশি স্থানে সড়ক অবরোধ তৈরি করা হয় এবং বহু যানবাহনে আগুন দেয়া হয়।
কীভাবে নিহত হন এল মেনচো
মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী জেনারেল রিকাডো ত্রেভিলা জানান, রোববার সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এল মেনচো নিহত হন। কর্তৃপক্ষ তার এক প্রেমিকার সূত্র ধরে তাপালপায় তার গোপন আস্তানার খোঁজ পায়। অভিযানের সময় এল মেনচো ও তার দুই দেহরক্ষী একটি জঙ্গলে পালানোর চেষ্টা করলে বন্দুকযুদ্ধে গুরুতর আহত হন। পরে তাদের আটক করে মেক্সিকো সিটিতে নেয়ার পথে তারা মারা যান।
এছাড়া জালিস্কোর আরেক স্থানে সেনারা কার্টেলের আরেক শীর্ষ নেতাকে হত্যা করে, যিনি সহিংসতা সমন্বয় করছিলেন এবং প্রতি সেনা হত্যার জন্য এক হাজার ডলারের বেশি পুরস্কার ঘোষণা করেছিলেন।
নিরাপত্তা বাহিনীর বড় ক্ষয়ক্ষতি
মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে, ছয়টি পৃথক হামলায় ন্যাশনাল গার্ডের ২৫ জন সদস্য নিহত হয়েছেন। জালিস্কোতে প্রায় ৩০ জন অপরাধী এবং পার্শ্ববর্তী মিচোয়াকান রাজ্যে আরও চারজন নিহত হয়েছে। এছাড়া একজন কারারক্ষী ও রাজ্য প্রসিকিউটরের দপ্তরের একজন কর্মকর্তা নিহতের তালিকায় রয়েছেন বলে জানা গেছে।
পড়ুন:
আর/


