নরসিংদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ) সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষার্থে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)–এর আওতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে এক ব্যক্তির সংশ্লিষ্টতা প্রমাণিত হয়।
আইনটির ধারা ৪(খ) অনুযায়ী অপরাধটি দণ্ডনীয় হওয়ায় ধারা ১৫(১) অনুযায়ী তাঁকে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ঘটনাস্থলে অবৈধ মাটি উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করে তাৎক্ষণিকভাবে অচল করে দেওয়া হয়, যাতে পুনরায় একই ধরনের অপরাধ সংঘটিত না হয়।
এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনিথিয়া হোসেন। তিনি বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়, কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয় এবং স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়ে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, পরিবেশ ও জনস্বার্থ সুরক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও চলবে। অবৈধ মাটি ও বালু উত্তোলন সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পড়ুন- ১০ উপদেষ্টার দপ্তর বণ্টন করে গেজেট প্রকাশ
দেখুন- সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ,যা বললেন স্থানীয় সরকার মন্ত্রী


