রূপগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও ০১টি হায়েস গাড়ি, ১টি খেলনা ওয়াকি-টকি সহ ০২ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ডাকাতি করা ড্রাম ভর্তি তেলের ট্রাক উদ্ধার করা হয়।
গত ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বানিয়াদী এলায়েট মিলস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, মুড়াপাড়ার বানিয়াদি এলায়েট মিলস সংলগ্ন পাকা রাস্তার উপর ৮ থেকে ১০ জন ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে একটি তেলের ড্রাম ভর্তি ট্রাক ডাকাতি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। উক্ত ঘটনার সংবাদ পেয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সবজেল হোসেন এর নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল সন্ধ্যায় এলায়েট মিলস সংলগ্ন পাকা রাস্তার উপর থেকে ০২ জন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে এবং তেলের ড্রাম ভর্তি ট্রাক উদ্ধার করে। এ সময় ডাকাত দলের অন্যান্য সদস্যরা কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস গাড়ী, দেশীয় অস্ত্র, ১টি খেলনা ওয়াকি-টকি এবং লুন্ঠিত একটি তেলের ড্রাম ভর্তি ট্রাক পুলিশের হেফাজতে নেওয়া হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক ডাকাতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।
পড়ুন- শরীয়তপুরে শিক্ষককে পিটিয়ে হাত ভাঙার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে


