২৭/০২/২০২৬, ১৯:০৮ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৯:০৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জনগণের সেবক হিসেবে কাজ করুন, সাড়ে তিন হাত মাটিই শেষ ঠিকানা : ভূমি প্রতিমন্ত্রী

দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে প্রশাসনকে শতভাগ জনবান্ধব হওয়ার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, “অতীতের সরকারগুলোর জবাবদিহিতা ছিল না, কিন্তু আমাদের সরকার জনগণের কাছে দায়বদ্ধ। প্রজাতন্ত্রের কর্মচারীদেরও জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে।”

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানার সভাপতিত্বে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, থানার ওসি কামরুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরআগে সকাল ১০টায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌঁছালে পুলিশের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে নিম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুরের অপার সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, “পাহাড়, চিনা মাটি আর নৈসর্গিক সৌন্দর্যের এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের সম্পদ ও জনবল সীমিত হতে পারে, কিন্তু সদিচ্ছা ও নৈতিকতার ঘাটতি নেই। সব দপ্তরকে কাঁধে কাঁধ মিলিয়ে টিমওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে।”

প্রশাসনের কর্মকর্তাদের হুঁশিয়ার করে তিনি সংবিধানের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “আপনাকে জনগণের সেবা দিতেই হবে। কে কতদিন কোন চেয়ারে আছেন সেটা বড় কথা নয়, আপনি জনগণকে কী সার্ভিস দিচ্ছেন সেটাই মুখ্য বিষয়।”

বক্তব্যে দুর্গাপুরের স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানে কড়া বার্তা দেন প্রতিমন্ত্রী। স্বাস্থ্যখাতের সমালোচনা করে তিনি বলেন, “হাসপাতালে ওষুধ পাওয়া যায় না, রোগীদের বাইরের ফার্মেসিতে পাঠানো হয়, টেস্ট বাইরে করানো হয়- এসব আর মেনে নেওয়া হবে না।”

কৃষকদের অধিকার রক্ষায় তিনি বলেন, “ধানের ক্ষেত্রে ৪০ কেজির জায়গায় ৪৩ কেজি নেওয়া হচ্ছে, কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে না। ডিলাররা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছে। এসব সিন্ডিকেট ভেঙে দিতে হবে।”

পৌরসভার নাগরিক সুবিধা বৃদ্ধি, খাল দখলমুক্ত করা, এবং মৃত প্রায় পাবলিক লাইব্রেরি সচল করার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদকের বিষয়ে আমাদের জিরো টলারেন্স। যুবসমাজকে রক্ষা করতে হবে।”

ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে তিনি বলেন, “ভূমি নিয়ে মানুষের হয়রানি বন্ধে আমরা কাজ শুরু করেছি। সবাইকে মনে রাখতে হবে, আমাদের জীবনের শেষ ঠিকানা ওই সাড়ে তিন হাত মাটি। তাই জাগতিক জীবনে অবৈধ আয়ের নেশায় মত্ত না হয়ে মানুষের কল্যাণে কাজ করুন।”

সবশেষে তিনি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বলেন, “আপনারা গঠনমূলক সমালোচনা করুন, আমাদের ভুল ধরিয়ে দিন। আমরা তা সংশোধনের চেষ্টা করবো।”

পড়ুন- পাকিস্তান-আফগানিস্তান: সামরিক শক্তিতে কে এগিয়ে?

দেখুন- কর্মস্থলে যোগ দিলেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন