দীর্ঘ ১০-১৫ বছর দেশে কোনো জনগণের সরকার ছিল না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের ভূমি প্রতিমন্ত্রী এবং নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সংবিধান ও আইনের প্রতি দায়বদ্ধ থেকে জনগণের সেবা নিশ্চিত করার এবং জুলাই-আগস্টের অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন বেলা পৌনে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। এর আগে, প্রতিমন্ত্রী জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
কর্মকর্তাদের উদ্দেশ্যে কায়সার কামাল বলেন, “দীর্ঘদিন জনগণের সরকার না থাকায় জনপ্রতিনিধি এবং প্রশাসন উভয়ের মাঝেই জবাবদিহিতার অভাব তৈরি হয়েছিল। কিন্তু বর্তমান নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ।”
তিনি ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, “জুলাইয়ের শত শত যোদ্ধার রক্তের বিনিময়ে এবং হাজার হাজার মানুষের আহত হওয়ার ফলেই আজ আমরা এখানে বসতে পেরেছি। তাদের এই আত্মত্যাগের কথা ভুলে গেলে চলবে না।”
সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও অনিয়মের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, “কৃষকের কাছ থেকে ৪৩ কেজি ধান মেপে নিয়ে ৪০ কেজির দাম দেওয়া হয়, যা অত্যন্ত লজ্জাজনক এবং এটি মেনে নেওয়া যায় না। এলজিইডি (LGED) এর আওতাধীন জেলার প্রায় ৮০ শতাংশ রাস্তা এখনো কাঁচা বা অনুন্নত, যা হতাশাজনক। দুর্গাপুরে এমন একটি মসজিদ নির্মাণ করা হয়েছে যার প্রবেশের রাস্তা রাখা হয়েছে পুকুরের ভেতর দিয়ে, এটি অপরিকল্পিত কাজের একটি চরম দৃষ্টান্ত।
প্রতিমন্ত্রী যেকোনো কাজে দীর্ঘসূত্রিতা পরিহার করে এবং গতানুগতিক মানসিকতা থেকে বেরিয়ে এসে নেত্রকোনার উন্নয়নে সবাইকে একটি দল (টিম) হিসেবে কাজ করার তাগিদ দেন।
নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখন, নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালী এবং নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মো. মাছুম মোস্তফা।
এছাড়াও মতবিনিময় এ সভায় জেলার বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরের প্রধান কর্মকর্তাসহ ১০ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর জেলা পর্যায়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ব্যারিস্টার কায়সার কামালের প্রথম মতবিনিময় সভা।
পড়ুন : ‘সামর্থ্য কম, ভালোবাসা অফুরন্ত’: মাসব্যাপী ইফতার বিতরণে নেত্রকোনা বিএনপি নেতা রনি


